আরো ৪ বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব
চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩১টি বিশেষায়িত ল্যাব গড়ে তুলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ইতোমধ্যেই শেষ হয়েছে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের কাজ। বাকি ৪টি ল্যাব গড়ে তোলার কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
সূত্রটি জানিয়েছে, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগে একটি করে ল্যাব স্থাপন করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবটিকস ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব তৈরি করা হয়েছে।
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ সূত্রে বলছে, এখন অবধি হাইটেক পার্কগুলোর প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যেমে ১৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২০ সালের জুন মাস অবধি বিভিন্ন হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে ১৩ হাজার ৬৬ জনের কর্মসংস্থান হয়েছে।
এক হাজার ৪০০ জনকে ভেন্ডর সার্টিফায়েড প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোতে যেসব অফিস রয়েছে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে হাই-টেক পার্ক ব্যবস্থাপনা ও পিপিপি বিষয়ে ১৪০ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে।